৩ বছর পর নিয়োগ পেলেন ৮৮৯ মেডিকেল টেকনোলজিস্ট
মেডিভয়েস রিপোর্ট: ২০২০ সালের ১২ ডিসেম্বর মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিন বছর পর ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রতিষ্ঠানে মেডিকেল টেকনিশয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীগণের রোল নম্বর প্রকাশ করা হলো। যোগদানের তারিখ ও অন্যান্য নির্দেশাবলি অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য ও সনদ যে কোনো পর্যায়ে ভুল বা জাল প্রমাণিত হলে অথবা তাহার বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’
প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর মেডিকেল টেকনোলজিস্টদের কোনো নিয়োগ হয়নি। করোনা মহামারি দেখা দিলে মেডিকেল টেকনোলজিস্ট সংকটের বিষয়টি সবার সামনে চলে আসে। করোনা নিয়ন্ত্রণে একাধিকবার চিকিৎসক নার্স নিয়োগ হলেও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া সম্ভব হয়নি। সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে এক হাজার ২০০ মেডিকেল টেকনোলজিস্টের পদ সৃষ্টি হয়। সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২০ সালের ১২ ডিসেম্বর লিখিত পরীক্ষা এবং ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি ভাইভা পরীক্ষা শেষ হয়। কিন্তু পরীক্ষায় দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় নিয়োগটি বাতিল হয়।
এরপর ২০২২ সালের ১৬ মার্চ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হয়। সেই বিজ্ঞপ্তি মোতাবেক চলতি বছরের ৬ মে মেডিকেল টেকনোলজিস্টদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২৯ হাজার ১৮০ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ১৯০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ০৫ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২২ জুলাই মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ৮৮৯ জন মেডিকেল টেকনোলজিস্টকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে করোনাকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের বিষয়টি তিন বছর পর আলোর মুখ দেখলো।