২৪ জুন, ২০২৩ ১০:৪৭ এএম

কোরবানির পশুর হাটে মানতে হবে যেসব নির্দেশনা

কোরবানির পশুর হাটে মানতে হবে যেসব নির্দেশনা
সব পশু একসাথে হাটে প্রবেশ না করিয়ে, ধারণ ক্ষমতা অনুযায়ী প্রবেশ করাতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে কোরবানির পশুর হাট। দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনও রয়েছে। এমন পরিস্থিতিতে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ রাখতে ও পশু কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত উপসচিব মু. জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা বলা হয়েছে।

আগামী ২৯ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এই ঈদকে সামনে রেখে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে কোরবানির হাটের জন্য যেসব নির্দেশনার কথা বলা হয়েছে। 

১. হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে। কোন অবস্থাতেই  বদ্ধ জায়গায় হাট বসানো যাবেনা।

২. হাট বসানোর আগে মহামারি প্রতিরোধী সামগ্রী যথা- মাস্ক, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রী সংগ্রহ করবেন হাট ইজারাদাররা। পরিষ্কার পানি সরবরাহ ও হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তরল সাবান বা সাধারণ সাবানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়াও নিরাপদ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. পশুর হাটের সাথে জড়িত সকল কর্মকর্তা, কর্মচারী ও হাট কমিটির সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট কমিটির সবার ব্যক্তিগত সুরক্ষা জোরদার করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

৪. হাটের সাথে জড়িত কর্মীদেরকে স্বাস্থ্যবিধির নির্দেশনা দিতে হবে। জনস্বাস্থ্যের বিয়ষগুলি যেমন- মাস্ক এর সঠিক ব্যবহার, হাঁচি-কাশির শিষ্টাচার, শারীরিক দূরত্ব, হাত ধোয়া, জীবাণুমুক্তকরণ বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যবিধিসমূহ সার্বক্ষণিক মাইকে প্রচার করতে বলা হয়েছে।

৫. মাস্ক ছাড়া কোনো ক্রেতা-বিক্রেতা হাটের ভিতরে প্রবেশ করতে পারবেন না। হাট কর্তৃপক্ষ চাইলে বিনামূল্যে মাস্ক সরবরাহ করতে পারেন বা এর মূল্য নির্ধারণ করে দিতে পারেন।

৬. প্রতিটি হাটে সিটি কর্পোরেশন কর্তৃক ডিজিটাল পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রচার করতে হবে।

৭. পশুর হাটে প্রবেশের জন্য গেট (প্রবেশপথ ও বাহিরপথ) নির্দিষ্ট করতে হবে।

৮. পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিস্কার করতে হবে। কোথাও জলাবদ্ধতা তৈরি করা যাবে না।

৯. পশুর হাটে প্রবেশের সময় হ্যান্ড থার্মোমিটার দিয়ে সকলের তাপমাত্রা নিরুপণ করতে হবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেলে বা কোভিড-১৯ এর অন্যান্য উপসর্গ থাকলে তাকে হাটে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে।

১০. একটি পশুর থেকে আরেকটা পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতারা কমপক্ষে ৩ ফুট বা ২ হাত দূরত্ব বজায় রেখে পশু ক্রয় করতে পারেন।

১১. ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে।

১২. মূল্য পরিশোধের সময় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর সময় যেন কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লাইনে ৩ ফুট বা কমপক্ষে ২ হাত দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে বা গোল চিহ্ন দিতে হবে।

১৩. সব পশু একসাথে হাটে প্রবেশ না করিয়ে, ধারণ ক্ষমতা অনুযায়ী প্রবেশ করাতে হবে।

১৪. হাটের ধারণ ক্ষমতা অনুযায়ী, নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা সম্ভব, এমন সংখ্যক ক্রেতাকে হাটে প্রবেশের সুযোগ দিতে হবে। অবশিষ্ট ক্রেতারা হাটের বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে অপেক্ষা করবেন। ১টি পশু ক্রয়ের জন্য ১ বা ২ জনের বেশি ক্রেতা হাটে প্রবেশ করবেন না।

১৫. অনলাইনে পশু কেনা-বেচার জন্য জনগণকে উৎসাহিত করা যেতে পারে।

১৬. স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সকল কাজ নিশ্চিত করতে হবে।

১৭. শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা হাটে আসতে পারবেন না।

১৮. সর্দি, কাশি জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ হাটে প্রবেশ করবে না।

১৯. পশু কোরবানির সময় প্রয়োজনের অধিক লোকজন একত্রিত হবেন না এবং কুরবানির মাংস সংগ্রহের জন্য একত্রে অধিক লোক চলাফেরা করতে পারবেনা।

২০. পশুর চামড়া দ্রুত অপসারণ করতে হবে এবং কোরবানির নির্দিষ্ট স্থানটি ব্লিচিং পাউডারের দ্রবণ দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক