ভুয়া সনদে চিকিৎসা, শেষ রক্ষা হয়নি দুই প্রতারকের
মেডিভয়েস রিপোর্ট: চীন ও ভারতের কলকাতার নামি ইউনিভার্সিটি থেকে চিকিৎসার ভুয়া ডিগ্রি নিয়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন নিয়েছেন দুই ব্যক্তি। ভুয়া সনদে দীর্ঘদিন করছিলেন রোগীর চিকিৎসা। তবে শেষ রক্ষা হয়নি তাদের। নিবন্ধন বাতিল হয়েছে দুই ভুয়া চিকিৎসকের, ফাঁসছেন আইনের জালেও।
আজ মঙ্গলবার (২৩ মে) বিএমডিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দুই চিকিৎসক হলেন মো. নাসির উদ্দিন ও আহমেদ কামাল তুষার। বিএমডিসি রেজিস্ট্রার জানান, এই দু’জন চীন ও ভারতের কলকাতার নামি ইউনিভার্সিটি থেকে ভুয়া চিকিৎসার ডিগ্রি নিয়েছে। সে সনদ দাখিল করে নিয়েছিলেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনও। গত কয়েক বছর ধরে রোগীর চিকিৎসাও করে আসছেন। অথচ তাদের নেওয়া সনদগুলো ছিল ভুয়া। তাই তাদের নিবন্ধন বাতিল ও মামলা দায়েরের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিএমডিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুই জন প্রতারণা পূর্বক Nantong University, China ও Calcutta University, Calcutta এর ভুয়া সার্টিফিকেট দাখিল করে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হতে রেজিস্ট্রেশন নিয়েছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলাও করা হছে।’
জানা যায়, অভিযুক্ত মো. নাসির উদ্দিনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ধন্যপুর গ্রামে। তিনি ওই এলাকার আতিকুর রহমানের ছেলে। ২০১৭ সালের ২২ আগস্ট নিবন্ধিত তিনি। তার বিএমএন্ডডিসি’র রেজিস্ট্রেশন নম্বর A-84322। অপরজন আহমেদ কামাল তুষারের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ঘুরচাকাঠী গ্রামে। তার বিএমএন্ডডিসি’র রেজিস্ট্রেশন নম্বর A-49618। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি নিবন্ধিত তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘তারা নিজেদেরকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি চিকিৎসা কার্য চালিয়ে যান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।’
এএইচ
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
২১ নভেম্বর, ২০২৫
-
২৫ জানুয়ারী, ২০২৫
-
১৭ নভেম্বর, ২০২৪
-
২৯ মার্চ, ২০২৪
-
৩১ ডিসেম্বর, ২০২৩
-
০৩ অক্টোবর, ২০২৩