১৭ মে, ২০২৩ ০৯:৫০ পিএম

জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি গর্বের: মুখ্যসচিব

জাতিসংঘে কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতি গর্বের: মুখ্যসচিব
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ জাতিসংঘের স্বীকৃতি অর্জন দেশের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের সবার জন্য গর্বের।’

আজ বুধবার (১৭ মে) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন মুখ্য সচিব। বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্য নিয়ে জাতিসংঘে পাস হওয়া এক রেজুলেশনে ‘কমিউনিটি ক্লিনিক’ এর বৈশ্বিক স্বীকৃতি উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘একটা আনন্দের সংবাদ দিতে চাই। সবাই আনন্দিত হবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী মডেল বা উদ্ভাবনী উদ্যোগ কমিউনিটি ক্লিনিক সেটি জাতিসংঘ কর্তৃক স্বাস্থ্যবিষয়ক একটি রেজুলেশন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কমিউনিটি ক্লিনিক ধারণার একটা চূড়ান্ত স্বীকৃতি প্রদান হয়েছে।’

মুখ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি সেটা নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল এই রেজুলেশনের মাধ্যমে।’

কমিউনিটি ক্লিনিককে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ মডেলের একটা অনন্য উদাহরণ হিসেবে মন্তব্য করে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে বড় উদাহরণ। এখানে জমি জনগণ দিচ্ছে, ভবন নির্মাণ করে দিচ্ছে সরকার, সেবাদানে স্বাস্থ্যসেবাকর্মী সেটি সরকার দিচ্ছে। ওষুধ, যন্ত্রপাতিসহ সকল উপকরণ সরকার দিচ্ছে।’

জাতিসংঘের রেজুলেশনে অন্য দেশগুলোকে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে মুখ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে জাতিসংঘ স্বাস্থ্যসেবা ও পরিচর্যা প্রদানের ক্ষেত্রে অংশীদারত্বের একটা উজ্জ্বল দৃষ্টান্ত বলছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘ প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী চিন্তাকে জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্রগুলোকেও অনুসরণের আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো যেন বাংলাদেশের এই কমিউনিটি ক্লিনিক ধারণা গ্রহণ করে এবং বাস্তবায়ন করে।’

বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নতির পেছনে কমিউনিটি ক্লিনিকের অবদানের কথা উল্লেখ করে তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘স্বাস্থ্যসেবার উন্নতি, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়া বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন নতুন সৃষ্টিশীলতার তৈরি হয়েছে সেগুলো সবই কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই শুরু।’

তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্যসেবা- এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী এবং প্রসূতির স্বাস্থ্য, নবজাতক এবং শিশুদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, পুষ্টিসেবা, ইপিআই কার্যক্রম পরিচালনা, সংক্রামক-অসংক্রামক যাবতীয় রোগের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক একটা অসাধারণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।’

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পৌঁছাতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বের কথা উল্লেখ করে মুখ্য সচিব বলেন, ‘বাংলাদেশে আমরা যে বলি ২০৩০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, সে ক্ষেত্রে এই কমিউনিটি ক্লিনিক বড় মাইলফলক।’

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তিত কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশে মাতৃমৃত্যু হ্রাস পেয়েছে, শিশুমৃত্যু হ্রাস পেয়েছে, আমাদের নবজাতকের যে মৃত্যু সেটি হ্রাস পেয়েছে। সংক্রামক, রোধ-প্রতিরোধ হয়েছে, অসংক্রামক রোগ প্রতিরোধ হয়েছে। অসংক্রামক রোগ-প্রতিরোধ করা হচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কমিউনিটি ক্লিনিক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক