নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: দগ্ধ ৭ জনের ৫ জনেরই বিদায়
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধদের ৭ জনের ৫ জনই মারা গেলেন।
শুক্রবার (৫ মে) দিনগত রাত ১১টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলাম রাব্বী (৩৫) নামের আরও একজন। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন (২০) ও দুপুরে আলমগীর হোসেন (৩৫) নামে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন।
দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)।
বিস্ফোরণে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুজন। তারা হলেন- মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যায়। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।
এএইচ