ডা. মাহবুবর রহমান
সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং সিসিইউ ইনচার্জ, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল
২৯ এপ্রিল, ২০২৩ ১১:৫৩ এএম
‘ফজু মিয়ার বাঁচার করুণ আকুতি বারবার মনে খচখচ করতে থাকলো’
ফজু মিয়া যখন মূল দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো, তখন ঠিক চল্লিশ বছর আগের বোস মশাইয়ের মুখটা মনে পড়লো। প্রায় সমান বয়স, ন্যুব্জ দেহ, উসকো খুসকো অবিন্যস্ত চুল, কুচকানো ঝুলে পড়া চামড়া, নিষ্প্রভ দৃষ্টি এবং জীর্ণ পরিচ্ছদ। পার্থক্য শুধু শশ্রুতে। ফজু মিয়া শশ্রুমন্ডিত।
ফজু মিয়া আমার সামনে টেবিলের পাশে রক্ষিত চেয়ারের কাছে এসে দাঁড়িয়ে রইল। আমি তাকে বসতে বলায় কাঁচুমাচু করে বললো, ছার (স্যার) এইডা কী কন (বলেন)! চেয়ারে বইবার (বসার) যোগ্যতা নাই।
আমি বললাম, আপনি বসেন। কি সমস্যা বলেন। উত্তরে ফজু মিয়া বললেন, ‘ছার শরিলডা ভাল না (স্যার, শরীর ভাল নয়)। জোর পাই না। কাম করতে পারি না। খাইতে পারি না।’
আমি তার দিকে ভালোভাবে তাকালাম। রক্ত কম, ষাটোর্ধ্ব শরীর। অকালে ভগ্নপ্রায়। ব্লাড প্রেসার ১৭০/১০০। আমি তাকে একটি প্রেসক্রিপশন লিখে দিলাম। ১০ দিনের ওষুধ দিয়ে দিলাম। বুঝিয়ে বললাম যে, প্রেসারের ওষুধ নিয়মিত খেতে হবে। নইলে হার্ট, কিডনি ও ব্রেন নষ্ট হয়ে যাবে।
ফজু বলেন, ‘ছার সংসারে সাতটা মুখ, তাগো ভাত দিতে পারি না। শরিলে জোর নাই, কাম করবার পারি না। ঔষধ কিনমু ক্যামনে?’
বৈশাখের এই তপ্ত দুপুরে বাগেরহাটের এই অজপাড়ার ফুলহাতা স্কুলে আমরা কতিপয় চিকিৎসক শহর থেকে এসেছি বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে। বৈদ্যুতিক পাখার বাতাসও স্বস্তিদায়ক নয়। একটি দিন এই সহায় সম্বলহীন মানুষগুলোর জন্য উৎসর্গ করে দিতে এসেছি, কিন্তু যেসব মানুষের অন্ন জোগাড়ই কঠিন সংগ্রাম, তারা চিকিৎসা খরচ যোগাবে কিভাবে? তাদের ডায়াবেটিস, কিডনি ও হৃদপিণ্ড এসবের পরীক্ষা নিরীক্ষাই বা কেমন করে হবে? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং তা মানুষের দোরগোড়ায় পৌঁছেনি এখনো।
আমি মনে করি, সরকারি স্বাস্থ্যসেবা জোরদার করার পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু করা অতি জরুরি। সরকার এবং জনগণ মিলে অংশগ্রহণমূলক স্বাস্থ্যবীমা চালু করা অত্যন্ত জরুরি। মাসে ১০ টাকা চাঁদা দিয়েও এটা শুরু করা যায়। বেসরকারি সংস্থাগুলোও স্বাস্থ্যবীমা চালু করতে পারে। ভোটার আইডি কার্ড ব্যবহার করে সমগ্র জনগণকে একটা একক সমন্বিত ডাটা বেজে অন্তর্ভুক্ত করে সার্বজনীন স্বাস্থ্যবীমা চালু করা এখন সময়ের দাবি। তা না হলে আমাদের এই দাবদাহের পরিশ্রমটুকু মহাকালে হারিয়ে যাবে।
সারাদিনের কর্মক্লান্ত শরীর মন নিয়ে ফিরে এলাম আগের জায়গায়, কিন্তু পেছনে ফজু মিয়ার ধূসর ঘোলা চোখের ভেতর বেঁচে থাকার করুণ আকুতি বারবার মনের মধ্যে খচখচ করতে থাকলো।
এএইচ
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৬
ইশতেহারে ৩৭ দফা স্বাস্থ্য পরিকল্পনা ঘোষণা
স্বাস্থ্য বরাদ্দ তিনগুণ করবে জামায়াত, স্বাস্থ্যবীমা-হেলথ কার্ড চালুর অঙ্গীকার
-
২৯ এপ্রিল, ২০২৩
-
০৭ এপ্রিল, ২০২২