ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বরণে দোয়া ও স্মরণসভা
মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে পরিবারের পক্ষ থেকে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর নিজ বাসভবনে এ স্মরণসভার আয়োজন করা হয়।
দেশের যোদ্ধা বন্ধু সবার- স্লোগানকে সামনে রেখে আয়োজিত স্মরণসভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফেরদৌস আজিমের সঞ্চলনায় স্মৃতিচারণ করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. কাশেম চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরীর ছোট বোন সেলিনা চৌধুরী মিলি, উবিনিকের নারী নেত্রী ফরিদা আক্তার, অর্থনীতিবিদ বিনয়ক সেন, গণস্বাস্থ্যের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান অপু।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা তার বর্ণাঢ্য জীবনের নানা জানা-অজানা স্মৃতির কথা তুলে ধরেন। এসময় অনুষ্ঠানস্থলে আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল ৪টা ৩০ মিনিটে সূচনা গানের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।সন্ধা ৬টা ১৫মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মোনাজাত শেষে সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করে আগত সবাইকে ধন্যবাদ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক।
অনুষ্ঠানে আরও অংশ নেন, ড. কামাল হোসেন, ড. মোহম্মদ ইউনুস, এমিরেটস অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাহ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর, অধ্যাপক মাহবুবুল্লাহ, অধ্যাপক অহিদউদ্দিন মাহমুদ, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা, ট্রাস্টি সন্ধা রায়, চ্যানেল আই-এর শাইখ সিরাজ, নিউ এইজ পত্রিকার প্রকাশক শহিদুল্লাহ খান বাদল, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ, নারী নেত্রী খুশি কবির, ডা. চৌধুরীর ছোট ভাই ও সাবেক রাষ্ট্রদূত নাজিম উল্লাহ, কর্নেল ( অব:) নাসির চৌধুরী,স্ত্রী শিরিন হক, মেয়ে বৃষ্টি চৌধুরী, ছেলে বারিশ হাসান চৌধুরী, কবি ফরহাদ মাজহার, লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি,গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণ-অধিকার পরিষদের রাশেদ খান প্রমুখ।