বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএসএমএমইউ
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সোমবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের ডা. তৈমুর একে মাহমুদ ডিজিটাল ল্যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় হিনারির (Hinari) উপর অনুষ্ঠিত কর্মশালায় এ কথা জানান তিনি।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘এই প্রথম বিএসএমএমইউয়ের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগের ফলে আজকের এই কর্মশালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা পেয়েছি। আগামী বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি আমরাও যাতে অংশ নিতে পারি, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
তিনি বলেন, ১৯৭২ সালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এই দেশ থেকে অনেক রোগ মুক্ত হয়েছে। কোভিড মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপরিসীম সহযোগিতা করেছে। তাদের সহযোগিতায় বাংলাদেশ থেকে পোলিও মুক্ত হয়েছে।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামী ডিসেম্বরকে ডেড লাইন হিসেবে নিয়েছি। এই ডিসেম্বরের ভিতরে বিশ্ববিদ্যালয়ের জার্নালকে ইনডেক্স করা হবে। জার্নাল ইনডেক্সের জন্য সংশ্লিষ্ট সকলে ভাল করছে। জার্নাল ইনডেক্স হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
কর্মশালায় বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মো. হারিসুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান ও ডা. মোস্তফা জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হল প্রোভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. আতিকুল হক, নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ, এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তানভীরুল ইসলাম প্রমুখ। কর্মশালাটির সঞ্চালনা করেন পাবলিক হেলথ ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।
প্রসঙ্গত, উন্নয়নশীল দেশগুলো থেকে বায়োমেডিকেল এবং স্বাস্থ্য বিষয়ক প্রকাশনাগুলো সংগ্রহ করে বিনামূল্যে সরবরাহ করে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিনারি। প্রধান প্রকাশকদের দ্বারা হিনারি অ্যাক্সেস টু রিসার্চ ফর হেলথ প্রোগ্রাম স্থাপন করা হয়েছিল। এতে ১৫ হাজার ই-জার্নাল ও ৬০ হাজার অনলাইন বই ১০টিরও বেশি দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। Hinari হল Research4Life-এর অংশ, পাঁচটি প্রোগ্রামের সম্মিলিত নাম - হিনারি (স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে), AGORA (কৃষিতে ফোকাস করে), OARE (পরিবেশের উপর ফোকাস করে), ARDI (প্রয়োগিত বিজ্ঞান ও প্রযুক্তির উপর ফোকাস করে) এবং GOALI (আইনের উপর ফোকাস করে, ন্যায়বিচার)। একসাথে, Research4Life কম আয়ের দেশগুলিকে অনলাইনে একাডেমিক এবং পেশাদার পিয়ার-পর্যালোচিত সামগ্রীতে বিনামূল্যে বা কম খরচে অ্যাক্সেস প্রদান করে।
এসএস/এএইচ