অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ডেনমার্ক যাচ্ছেন ঢামেক পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিন দিনের সফরে ডেনমার্ক যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক। আগামী ১৫ এপ্রিল ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
আজ শুক্রবার (৭ এপিল) দুপুরে ঢামেক পরিচালক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটি গবেষণা করেছে। ওই গবেষণায় তিনি নিজেও যুক্ত ছিলেন। এই গবেষণা প্রবন্ধ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে অক্সফোর্ড।
তিনি আরও জানান, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ডেনমার্কে অবস্থান করবেন তিনি। দেশে ফিরবেন ১৯ এপ্রিল। এ সময় তাঁর অনুপস্থিতিতে হাসপাতালের উপপরিচালক ডা. খালিকুজ্জামান খান ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, ঢামেক পরিচালকের আসা-যাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ জুন কর্নেল মো. নাজমুল হককে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। করোনার ভয়াবহ প্রকোপের সময় তিনি সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিনের স্থলাভিষিক্ত হন। নিয়োগ পাওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান তিনি।
এসএস/এএইচ