বিএসএমএমইউ দেশের চিকিৎসা জগতে সেন্টার অব এক্সিলেন্স: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দেশের চিকিৎসা জগতে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএসএমএমইউ’র চতুর্থ সমাবর্তন উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। দেশের মেডিকেল উচ্চ শিক্ষার বিকাশে ১৯৯৮ সালে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের সরকার। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয় মেডিকেল উচ্চ শিক্ষার প্রসার ও বিকাশ, স্বাস্থ্যখাতে উচ্চতর গবেষণা এবং বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়োচিত পদক্ষেপের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আজ দেশের চিকিৎসা জগতে সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হয়েছে।
সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল ধরণের গবেষণা উপযোগী আধুনিক যন্ত্রপাতি সম্বলিত সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করেছি। এছাড়া শাহবাগের পুরাতন বেতার ভবনে আরেকটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি অর্জনকারী সকল চিকিৎসকরা রোগীদেরকে উন্নতর চিকিৎসাসেবা প্রদান ও চিকিৎসা বিষয়ক গবেষণায় অবদান রাখবেন। তারা দেশে বিশেষজ্ঞ চিকিৎসাসেবাকে আরও সমৃদ্ধ করবেন। এর মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
এসএস