বিএসএমএমইউতে শিগগিরই ‘বঙ্গবন্ধু ক্যান্সার সেন্টার’ চালু: ভিসি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খুব শিগগিরই আন্তর্জাতিক মানের ‘বঙ্গবন্ধু ক্যান্সার সেন্টার’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাপানে ক্যান্সার ‘রোগের চিকিৎসা ও ক্যান্সার প্রতিরোধে গবেষণা’ সংক্রান্ত বিষয় কয়েকটি আন্তর্জাতিক সভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
জাপানের টোকিওতে ক্যান্সার গবেষণায় পথিকৃৎ ‘ন্যাশনাল ক্যান্সার সেন্টার’-এ প্রথমবারের মত কোনো বাংলাদেশি গবেষক ও চিকিৎসক হিসেবে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ লেকচার প্রদান করার সম্মাননা পান। এ অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশের ক্যান্সার পরিস্থিতি ও ক্যান্সার চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন।
লেকচার পরবর্তী এক গোল টেবিল বৈঠকে বিএসএমএমইউ ভিসি বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার উন্নয়নে ‘গবেষণা ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা’ নিশ্চিতকল্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 'বঙ্গবন্ধু ক্যান্সার সেন্টার' প্রতিষ্ঠায় জাপানের ন্যাশনাল ক্যান্সার সেন্টারের সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ক্যান্সার বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশ ও ক্যান্সার রেজিস্ট্রি চালু করার ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেন।
ক্যান্সার নিয়ে জাপানে অন্য একটি সভায় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বাংলাদেশি চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ ও গবেষণার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন এবং জাপানের ন্যাশনাল ক্যান্সার সেন্টার হসপিটালের সাথেও সমন্বিতভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।