বিদেশে এমবিবিএস ডিগ্রি অর্জনে নতুন নিয়ম বিএমডিসির
সাখাওয়াত হোসাইন: বিদেশে এমবিবিএস ডিগ্রি অর্জনে নতুন করে নিয়ম বেঁধে দিয়েছে চিকিৎসক তৈরির অনুমোদন সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। চালু হওয়া নিয়ম অনুযায়ী, বিদেশে এমবিবিএস কোর্স করতে চাইলে দেশে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। আর এটি নতুন ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীদের থেকে কার্যকর হবে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা মেডিকেলের কলেজের (ডিএমসি) সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।
বিএমডিসির এমবিবিএস ভর্তি নীতিমালা অনুযায়ী প্রণীত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক শিক্ষার্থী এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেশের বাহিরে এমবিবিএস কোর্সে অধ্যয়ন করতে চাইলে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণপূর্বক ন্যূনতম ৪০ পেতে হবে। আর অন্যথায়, বিদেশে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে যাওয়া যাবে না।
নতুন নিয়ম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশের মেডিকেলে যারা পড়তে যেতে চায়, তাদের গুণগত মান রক্ষায় নতুন এ নিয়ম করা হয়েছে। এতে কিছুটা হলেও মান রক্ষা করা যাবে। ধরেন, এমন একজন শিক্ষার্থী এমবিবিএসে পড়াশোনা করতে গেল চীন বা অন্যকোনো দেশে। যার চিকিৎসা বিদ্যায় পড়ার মতো কোনো যোগ্যতা নেই। অনেকে ভর্তি পরীক্ষায় খুব কম নম্বর পায় এবং দেশে ভর্তি হওয়ার অযোগ্য, চীনের মতো কিছু জায়গা আছে, যেখানে টাকা দিলেই ভর্তি হওয়া যায় এবং পাস করা যায়। এই শিক্ষার্থীরা পাস করে যখন দেশে আসবে, তখন প্র্যাক্টিস করার চেষ্টা করবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা চাইবে।’
‘আর দেশের যারা মেধার জোরে সরকারি কিংবা বেসরকারি মেডিকেল থেকে পাস করে, তাদের মাঝে এবং বিদেশ থেকে পড়ে আসাদের মধ্যে ব্যাপক পার্থক্য থাকে। এতে মেধার চরম বিপর্যয় ঘটে এবং বৈষম্য সৃষ্টি হয়। এমনিতেই দেশের চিকিৎসকদের গুণগত মান খারাপ হয়ে যাচ্ছে। আমরা চাই, যারা বিদেশে পড়তে যাবে, তারা যেন ন্যূনতম একটা যোগ্যতা অর্জন করে যায়। এতে একটা গুণগত মান রক্ষা হবে,’ যোগ করেন অধ্যাপক ডা. টিটো মিঞা।
বহাল থাকবে লাইসেন্সিং পরীক্ষা
বিদেশ এমবিবিএস করার পর দেশের এসে পূর্বের নিয়ম অনুযায়ী বিএমডিসির লাইসেন্সিং পরীক্ষা বাধ্যমূলক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল মেডিভয়েসকে বলেন, আগের নিয়মের সাথে নতুন নিয়মটি যোগ করা হয়েছে। লাইসেন্সিং পরীক্ষা থাকবে এবং এটি নিবে বিএমডিসি। বিদেশের মেডিকেলে পড়তে যাওয়ার আগে একবার পরীক্ষা দিবে এবং আসার পর একবার পরীক্ষা দিতে হবে, তাতে উত্তীর্ণ হতে হবে।
চীনের মেডিকেলে অধ্যয়নরত মো. হাবীব আহসান মেডিভয়েসকে জানান, ‘ভারত, চীন বা নেপাল থেকে যারা বিদেশে পড়তে যায়, তাদের যাওয়ার সময় পরীক্ষা দিতে হয়, কিন্তু এসে আর পরীক্ষা দিতে হয় না। আর বাংলাদেশ থেকে যাওয়ার সময় একবার আবার আসার পর একবার দিতে হবে। তাতে একটা পরীক্ষা বেশি দিতে হবে কেন? বিদেশের মতো নিয়ম অনুসরণ করার দাবি জানাই।’
পার্শ্ববর্তী দেশের নিয়ম অনুসরণ করা হবে কিনা জানতে চাইলে অধ্যাপক ডা. জামাল বলেন, ‘আমাদেরকে পাশের দেশের নিয়ম ফলো করতে হবে, এমন কোনো কথা নেই। আমরা যেসব সমস্যা অনুধাবন করেছি, সেগুলো সমাধানের জন্যই কাজ করছি।’
তথ্য সংগ্রহের জন্য নতুন নিয়ম
তিনি বলেন, ‘যারা বিদেশের মেডিকেলের পড়তে যায়, আমাদের কাছে তাদের সম্পর্কে কোনো তথ্য থাকে না। তথ্য সংগ্রহের জন্যেও নতুন নিয়মটি সহায়ক হবে। এখন যারা বিদেশের পড়তে যাবে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। আমাদের কাছ থেকে পাস করবে এবং ন্যূনতম একটা যোগ্যতা অর্জন করবে, তারপর চিকিৎসা বিদ্যায় পড়ার সুযোগ পাবে। সেই সঙ্গে সময়-সময় আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো। তারা কোথায় পড়াশোনা করে এবং কি করে না করে? সেই সঙ্গে যেখানে পড়াশোনা করে, তা আদৌ মানসম্মত কিনা এবং চিকিৎসক হওয়ার যোগ্যতা তাদের আছে কিনা ইত্যাদি।’
নতুন নিয়মকে স্বাগত
এদিকে বিএমডিসির নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদেশ থেকে পড়ে আসা সাবেক মেডিকেল শিক্ষার্থীরা। সম্প্রতি ইরান থেকে এমবিবিএস শেষ করা ডা. কামরুজ্জামান নাবিলের কাছে জানতে চাইলে মেডিভয়েসকে বলেন, ‘দেশের বাহিরে যারা পড়তে যায়, তাদের বেশির ভাগ দেশের মেডিকেলে চান্স পায় না এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় নম্বর পায় খুব কম। এখন সবাই একটা নিয়মের মধ্যে আসবে এবং কিছুটা হলেও মান রক্ষা হবে। এটা একটা ভালো উদ্যোগ, আমরা স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, দেশের বাহিরের মেডিকেলে যারা পড়তে যায়, তাদেরকে নিয়ে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানায়। নতুন নিয়মের কারণে অনেকে কটু কথা বলা থেকে বিরত থাকবে।
এসএএইচ/এমইউ
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি