০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:২৪ পিএম

উদ্ধারকাজ-চিকিৎসাসেবা দিতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের দল

উদ্ধারকাজ-চিকিৎসাসেবা দিতে তুরস্কে যাচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের দল
ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজ ও চিকিৎসাসেবায় যোগ দিতে বাংলাদেশ থেকে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি কাল বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এই দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে, তা ঠিক করা নিয়ে কাজ চলছে।’

গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এতে সিরিয়া ও তুরস্কে এখন পর্যন্ত চার হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়বে। 

১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তানবুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

ভূমিকম্পের পর পরই বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক