ঢামেক হাসপাতালে আগুন, ক্ষয়-ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় ডায়ালাইসিস ইউনিটের প্রবেশ মুখে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৫ জানুয়ারি) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডায়ালাইসিস ইউনিটের এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান পরিচালক নাজমুল হাসান।
জানা যায়, হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পুরা হাসপাতালে ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। যারা হাঁটতে পারে না, তাদের স্বজনরা রোগীদের কোলে নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালের নিচে নামেন।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়।
তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে।
এদিকে নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তার লোকজন নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই প্রচণ্ড ধোঁয়ার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করে।