‘ফ্যাটি লিভারে আতঙ্কিত নয়, সচেতনতা জরুরি’
মেডিভয়েস রিপোর্ট: সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের জন্য লিভাররোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ জানুয়ারি) জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট শাখার চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
ফ্যাটি লিভারের কারণ, প্রতিকার, চিকিৎসাসহ নানাদিক তুলে ধরে অধ্যাপক স্বপ্নীল জানান, ফ্যাটি লিভার হলে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। কারণ ফ্যাটি লিভারের কোনো কোনো রোগীর লিভারে দীর্ঘমেয়াদি প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস থাকে, যাকে ন্যাশ বলা হয়। ন্যাশ থাকলে শুধু যে লিভার সিরোসিস আর লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তা নয়, পাশাপাশি এসব রোগীদের হার্ট, ব্রেন, কিডনি ও ক্যানসারসহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক বেশি। অন্যদিকে ফ্যাটি লিভারের যেসব রোগী সচেতন হন, তারা অন্য রোগীদের চেয়ে অনেক বেশি ভালো থাকেন।
তিনি বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত হাঁটার মাধ্যমে ফ্যাটি লিভার নিরাময় করা সম্ভব। তবে ফ্যাটি লিভার, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ সহ নানা রোগের কারণে যেসব রোগী লিভার সিরোসিস ও লিভার ক্যানসারে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য এখন বাংলাদেশেই স্টেমসেল থেরাপি, প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালাইসিস, ট্রানআর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশনসহ অত্যাধুনিক সব চিকিৎসার সুযোগ রয়েছে। এরই মধ্যে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটে স্টেমসেল থেরাপি ও ট্রান্সআর্টারিয়াল কেমো-এম্বোলাইজেশন শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।
এআইডি