২৭ নভেম্বর, ২০২২ ০২:২৯ পিএম

শহীদ ডা. মিলনের প্রতি বিএসএমএমইউর শ্রদ্ধা নিবেদন

শহীদ ডা. মিলনের প্রতি বিএসএমএমইউর শ্রদ্ধা নিবেদন
বিএসএমএমইউ ভিসি বলেন, ডা. মিলনের স্বপ্ন গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক কোনভাবেই যেন এদেশ গণতন্ত্র ভূলন্ঠিত না হয়।

মেডিভয়েস রিপোর্ট: নব্বইয়ের স্বৈরচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার।

আজ রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থাপিত শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধে বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শহীদ ডা. মিলন নিজের বুকের তাজা রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। দেখতে দেখতে ডা. মিলনের শহীদ হওয়ার ৩২ বছর পার হয়ে গেলো। ওদিন একই রিক্সায় বিএমএ তৎকালীন মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও শহীদ ডা. মিলন ছিলেন। তাদের উপর হামলার পর চারদিকে এ কথা ছড়িয়ে পড়ে যে দু’জনেই হয়তো মারা গেছেন। পরে জানা গেলো, ডা. মিলন শহীদ হয়েছেন। এরপর আমরা স্বৈরচারবিরোধী আন্দোলনে এমনভাবে অংশগ্রহণ করি যেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়। তখন গণবিরোধী স্বাস্থ্যনীতির প্রতিবাদে ঢামেকের অধ্যক্ষ ডা. কবিরের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আমরা অনেকেই পদত্যাগ করি।

তিনি বলেন, ডা. মিলনের স্বপ্ন গণতন্ত্র বাংলাদেশে বজায় থাকুক। আজকের দিনের শপথ হোক কোনভাবেই যেন এদেশ গণতন্ত্র ভূলন্ঠিত না হয়। গণতান্ত্রিক ধারা যেনো ব্যাহত না হয়। যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। যারা চক্রান্তকারী, যারা উন্নয়ন চায় না, যারা গণতন্ত্র ভূলন্ডিত করতে চায়, তাদের রুখতে প্রগতিশীল সকল চিন্তা ধারার মানুষকে ঐক্যবদ্ধ থেকে লড়াই করে যেতে হবে। ডা. মিলনের রুহের আত্মার মাগফেরাত কামনা করি। তার পরিবারের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি প্রয়োজনে সহযোগিতাও করতে হবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন,  প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল ও হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত