২০ নভেম্বর, ২০২২ ০৮:৩৮ পিএম

‘ডায়াবেটিস প্রতিরোধ করা গেলে বছরে ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় সম্ভব’

‘ডায়াবেটিস প্রতিরোধ করা গেলে বছরে ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় সম্ভব’
বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে ডায়াবেটিস নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে মানুষকে ডায়াবেটিস রোগ থেকে রক্ষা করা গেলে দেশে প্রতিবছর ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় করা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে ডায়াবেটিস নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। এছাড়াও ২ কোটি মানুষ প্রি-ডায়াবেটিস রোগে ভুগছেন। প্রি-ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের এ রোগ থেকে রক্ষা গেলে দেশে প্রতিবছর ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় হবে। এ টাকা দিয়ে আরো কয়েকটি পদ্মা সেতুর মত বড় প্রকল্প হাতে নেয়া যাবে।’

তিনি বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরীর চর্চা, খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। বিএসএমএমইউতে শরীর চর্চার জন্য যতদ্রুত সম্ভব জিমনেসিয়াম নির্মাণ করা হবে। আমাদের জিহ্বায় যা ভাল লাগে তার অধিকাংশই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এককথায় জীবনাচার নিয়ন্ত্রণ রাখলে ডায়াবেটিস প্রতিকারের পাশাপাশি প্রতিরোধও সম্ভব। ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, কার্ডিয়াক রোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে । সবচেয়ে বড় কথা ডায়াবেটিসের কারণে অনেক অঙ্গ আক্রান্ত হয়। তার মধ্যে প্যানক্রিয়াস, কিডনি, চক্ষু অন্যতম।’

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ডায়াবেটিস নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল এম্বাসেডর অব ডায়াবেটিস হিসেবে ঘোষণা করেছে। শেখ হাসিনা প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক থেকে ডায়াবেটিসের ব্যয়বহুল ওষুধ মেডফরমিন বিনামূল্যে দেয়া হচ্ছে, যা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম, নেফ্রোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফজলুল সেলিম ও অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী। প্যানেল অব এক্সাপার্ট হিসেবে বক্তব্য রাখেন ববিএসএমএমইউ’র এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসানাত ও অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ সেন্ট্রাল সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন রেসপেরেটরি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত