১৬ অক্টোবর, ২০২২ ০৩:৫৫ পিএম

মেরুদণ্ড সমস্যায় ৫০ লাখ রোগীর বিপরীতে চিকিৎসক ২১২ জন

মেরুদণ্ড সমস্যায় ৫০ লাখ রোগীর বিপরীতে চিকিৎসক ২১২ জন
বিশ্ব স্পাইন দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। 

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ মেরুদন্ড সমস্যায় ভুগছেন। প্রতি বছর ২০ হাজার রোগী এ সমস্যায় চিকিৎসা সেবা নেন। বাংলাদেশের এসব রোগীকে চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে মাত্র ২১২ জন, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

আজ রোববার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব স্পাইন দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। 

বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে উন্নতমানের নিউরো স্পাইনের সব ধরনের চিকিৎসা করা হয়ে থাকে। বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্রগুলোকে বিশ্বমানের করা প্রয়োজন। বর্তমান সরকার প্রধানের নির্দেশেই বাংলাদেশে নিউরো সার্জারির এমএস কোর্স চালু করা হয়।

সেমিনারে বলা হয়, শিশুদের জন্য স্কুলে ব্যবহৃত বেঞ্চ বা চেয়ারগুলো স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভারী স্কুলব্যাগ বহন করে। দীর্ঘসময় ভারী ব্যাগ বহনের কারণে অনেকের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, পিঠে-ঘাড়ে চাপ পড়ে। অল্প বয়স থেকেই তারা মেরুদণ্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে। পরে এরা ৪০-৫০ বছরে পৌঁছালে অনেকেই মেরুদণ্ডজনিত সমস্যায় আক্রান্ত হন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য শ্রেণিকক্ষে বসার ব্যবস্থা থাকে না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তাদেরও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনেওয়াজ বারী ও ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক ডা. ইসমে আজক জিকো।

প্রবন্ধে বলা হয়, অনেক সময় গাছ থেকে পড়ে যাওয়া ও আঘাতজনিত সমস্যা হলে অস্ত্রোপচার করতে হয়। অন্য রোগীদের ইনজেকশন, ওষুধ ও থেরাপি জাতীয় চিকিৎসা দেওয়া হয়। প্রতি বছর এ রোগে আক্রান্ত ৪০ হাজার রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন। এদের অধিকাংশই থেকে যান চিকিৎসার বাইরে। তাছাড়া ব্যয়বহুল হওয়ায় অনেকে চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে বিগত দিনের তুলনায় স্পাইন রোগের চিকিৎসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় অনেক দূর এগিয়েছে। বর্তমানে কমসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ঘাটতি ও আর্থিক অসচ্ছলতার কারণে দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশ চিকিৎসা সেবার বাইরে রয়েছে। বর্তমান সরকার আগামী ২০২৫ সালের মধ্যে মেরুদণ্ডের চিকিৎসা সেবা কার্যক্রম জেলা পর্যায়ে পৌঁছাতে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরো স্পাইন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজাল হোসেন, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন, অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, অধ্যাপক ডা. হারাধন দেবনাথ, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো ও নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব স্পাইন দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-  'মেরুদণ্ড আপনার অমূল্য সম্পদ, মেরুদণ্ডকে সুস্থ রাখতে হবে’। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি একটি শোভাযাত্রা ও পরে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত