হতাশা, চাপ ও অবসাদে ভুগছেন ৭৬% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
মেডিভয়েস রিপোর্ট: পড়াশোনার চাপ, হতাশা ও মানসিক অবসাদে ৭৬ শতাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভুগছেন বলে জানিয়েছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। আজ শনিবার (৮ অক্টোবর) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আঁচল জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েই চলছে। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আত্মহত্যা করেছেন ৪০৪ জন শিক্ষার্থী। এর আগে করোনার সময় ২০২০ সালের মার্চ থেকে ১৫ মাসে আত্মহত্যা করেছিলেন ১৫১ জন শিক্ষার্থী।
সংস্থাটি জানায়, সংখ্যাগত তথ্য তারা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আত্মহত্যার সংবাদ থেকে সংকলিত করেছে। এর ভিত্তিতে তারা আত্মহত্যার পেছনের কারণ বুঝতে ‘মানসিক স্বাস্থ্যের ওপর একাডেমিক চাপের প্রভাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা’ শিরোনামে একটি জরিপ পরিচালনা করে।
এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও আঁচল ফাউন্ডেশনের গবেষক ড. আবদুল ওহাব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন বিবেচনায় জরিপে মোট অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ের। এ ছাড়াও ২৩ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, ২ দশমিক ২৬ শতাংশ মেডিকেল শিক্ষার্থী এবং বাকিরা জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি এবং মাদ্রাসার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. মাহমুদুর রহমান বলেন, ‘বেঁচে থাকার সংকট এখন বেড়ে গেছে। কারও কারও কাছে দুঃখ–কষ্ট যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন মৃত্যুকে শ্রেয় মনে হয়। এ ধরনের মানুষ যদি কারও সঙ্গে তাঁর কষ্টের কথাগুলো ভাগ করে নিতে পারেন, তাতে তাঁর কষ্ট কমে। এ কারণে অন্যের কষ্টের সময় পাশে দাঁড়াতে হবে। আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়তে হবে। পাশাপাশি প্রত্যেকের যেকোনো পরিস্থিতিতে খাপ খাওয়ানোর মতো দক্ষতা গড়ে তুলতে হবে।’
-
০৭ জুলাই, ২০২৪
-
২২ মার্চ, ২০২৩
-
১১ জানুয়ারী, ২০২৩
-
০৮ অক্টোবর, ২০২২
-
২২ অগাস্ট, ২০২১