কর্মস্থলে হেনস্তার শিকার ইন্টার্ন চিকিৎসক, কর্ম বিরতির ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থল ত্যাগ করার সময় নিরাপত্তাকর্মী কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন একজন নারী ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কর্ম বিরতির ঘোষণা দিয়েছে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ইন্টার্ন চিকিৎিসক পরিষদ।
রোববার (১৮ সেপ্টেম্বর) উক্ত হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. অনিক বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাঈফুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘রোববার বিকেল সাড়ে ৩টায় একজন নারী ইন্টার্ন চিকিৎসক তার কর্মস্থল ত্যাগ করার সময় রোহিঙ্গা ওয়ার্ডের নিরাপত্তাকর্মী পরিচয়ধারী আসরাফ উদ্দিন ওই নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ, কুরুচিপূর্ণ ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করে। এ ঘটনায় প্রমাণ করে যে, অত্র হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কোনো সুস্থ কর্ম পরিবেশ নেই এবং পর্যাপ্ত নিরাপদ নেই।’
এতে আরও বলা হয়েছে, ‘এর আগেও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে। এ সকল ঘটনার কোনো স্থায়ী প্রশাসনিক সমাধান করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে, দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এবং তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত সকল ইন্টার্নদের কর্ম বিরতি বহাল থাকবে।’
এ ঘটনায় নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা কয়েক দফা দাবি উত্থাপন করেছেন।
দাবিগুলো হলো:
১. ইন্টার্ন চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
২. ইন্টার্ন হোস্টেলের নিরাপত্তা (পর্যাপ্ত নিরাপত্তা প্রহরী,রাস্তার লাইটিং)সুনিশ্চিত করতে হবে।
৩.ইন্টার্ন চিকিৎসকদের প্রতি মাসের বেতন-ভাতা মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
৪. ইন্টার্ন চিকিৎসকদের জন্য পর্যাপ্ত কর্মপরিবেশ (বসার জায়গা, ওয়াশরুম, লাইটিং ব্যবস্থা) নিশ্চিত করতে হবে।