হাসান মিসবাহ’র ওপর হামলা: স্বাস্ব্যের ডিজি ও বিএমডিসিকে স্মারকলিপি
মেডিভয়েস রিপোর্ট: ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ‘র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি বরারবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিএইচআরএফ’র নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
সাংবাদিক হাসান মিসবাহর ওপর হামলাকারী চিকিৎসক ডা. এম এইচ উসমানী বিএমডিসির অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেয়ায় স্মারকলিপিতে তার নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে বিএইচআরএফ নেতৃবৃন্দ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ভূটান সফর শেষে দেশে ফিরলে স্বাস্থ্যমন্ত্রী বরাবরও স্মারকলিপি দেবে বিএইচআরএএফ।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টারে বিএমডিসি’র সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনকালে হাসান মিসবাহর ওপর হামলা চালায় ওই হাসপাতালের সংশ্লিষ্টরা। এসময় তার ক্যামেরাম্যান ও গাড়ি চালককেও মারধর করে ক্যামেরা ও গাড়ী ভাঙচুর করা হয়। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকি’সাধীন থাকার পর বাসায় ফিরলেও এখনো শারিরীকভাবে অসুস্থ্য হাসান মিসবাহ। হামলার ঘটনায় মামলা দায়ের করেন হাসান মিসবাহ। এর প্রেক্ষিতে ক্লিনিকের মালিক ডা. এম এইচ উসমানীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে আসামিরা এখন জামিনে মুক্ত আছেন।