চলতি মাসে হচ্ছে না ঢাবির ২য় ও ৩য় প্রফের ফল
মেডিভয়েস রিপোর্ট: ফলাফল তৈরিতে এখনও অনেক কাজ বাকি থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল চলতি মাসে প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী।
আজ শনিবার (২৭ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ঢাবি মেডিসিন অনুষদের ডিন বলেন, ‘দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় কোনো একটি বিষয়ে কিছু নম্বর যোগ করা ছাড়া ফলাফল জমা দেওয়া হয়েছে। এটা আবার জোগাড় করে সমন্বয় করতে হবে। এ রকম অনেক কাজ বাকি রয়েছে। আর এতে ফলাফল প্রস্তুতির কাজ বাড়ছে। এসব কারণে পূর্ব ঘোষণা থাকলেও চলতি মাসেরে শেষ দিকে দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না। প্রকাশ হতে হতে সেপ্টেম্বরে প্রথম দিকে। আশা করছি, ফাইনাল প্রফের সঙ্গে ফলাফল প্রকাশ হবে। এক দিন আগে-পরে হতে পারে।’
এর আগে গত ৬ আগস্ট ডা. শাহরিয়ার নবী জানিয়েছিলেন, ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফল এই মাসের শেষে বা আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দেওয়া হবে।
ডা. শাহরিয়ার নবী বলেন, ‘চেষ্টা করবো, এই মাসের শেষের দিকে দেওয়ার, আর না হয় সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। ফলাফল তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এখনও অনেকে নম্বর জমা দেননি, তবে ট্যাবুলেশন তৈরির কাজ শুরু করে দিয়েছি।’
গত ২২ মে ও ২৬ মে যথাক্রমে শুরু হয় দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষা। প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওরাল অ্যান্ড প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয় যথাক্রমে ৪ জুন ও ১১ জুন।