‘টিবিতে দেশে প্রতিদিন ১০০ জনেরও বেশি মারা যায়’
মেডিভয়েস রিপোর্ট: টিবিতে দেশে প্রতিদিন ১০০ জনেরও বেশি মানুষ মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘কমিউনিটি, রাইটস অ্যান্ড জেন্ডার অ্যাকশন প্ল্যান ফর টিবি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার বিষয়ে আমরা অনেক খোঁজ রাখি। কিন্তু টিবিতে প্রতিদিন একশর বেশি মানুষ মৃত্যুবরণ করে, এ বিষয়ে আমরা খোঁজ-ই রাখিনা। অন্য রোগ দেখলে দেখা যায়, ক্যান্সারে প্রায় প্রতিদিন ২০০-২৫০ জন মানুষ মারা যাচ্ছে। হার্ট অ্যাটাকেও একই রকম। আমাদের এসব বিষয়ে খবর রাখতে হবে।
তিনি বলেন, টিবি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান ১৩তম কারণ। আর সংক্রামক ব্যাধির মধ্যে মানুষের মৃত্যুর এটি দ্বিতীয় প্রধান কারণ। পৃথিবীতে প্রায় এক কোটি মানুষ টিবিতে আক্রান্ত। বিশ্বে প্রতি বছর প্রায় ১৫ লাখ লোক এ রোগে মারা যায়। বাংলাদেশেও ৪০ হাজার মানুষ বছরে এর কারণে মারা যায়, যা প্রতিদিনের হিসাবে প্রায় ১০০ জনেরও বেশি। এ ছাড়া নতুন করে বছরে আরোও তিন লাখ লোক এ রোগে আক্রান্ত হয়।