৩৮ চিকিৎসকের সংযুক্তির আদেশ বাতিল
মেডিভয়েস রিপোর্ট: সংযুক্তির শর্তাবলী ‘প্রতিফলিত’ না হওয়ায় ৩৮ চিকিৎসের সংযুক্তির আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট চিকিৎসকগণকে এ বিষয়ে মূল কর্মস্থলে যোগদান করে স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
আজ সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব এ. এফ. এম. এহতেশামুল হক স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংযুক্তি প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ অধিশাখার ৩১.০৩.২০২০ তারিখের ৪৫.১৪৯.০১৯.০০.০০.০০৩.২০২০-২৩৬ স্মারকের শর্তাবলী প্রতিফলিত না হওয়ায় ৩৮ চিকিৎসকদের সংযুক্তি আদেশ এতদ্বারা বাতিল করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট চিকিৎসকগণ আবশ্যিকভাবে মূল কর্মস্থলে যোগদানকরত: স্বাস্থ্য সেবা বিভাগকে অবহিত করবেন।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।