১৫ জুন, ২০২২ ১২:০৪ পিএম

স্বাস্থ্যে বরাদ্দ গতানুগতিক: বিএইচআরএফ

স্বাস্থ্যে বরাদ্দ গতানুগতিক: বিএইচআরএফ
প্রায় এক দশক ধরেই স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে জাতীয় বাজেটের ৫ থেকে ৬ শতাংশে মধ্যে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ গতানুগতিক বলে মনে করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। আজ বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজনে ‘কেমন হলো স্বাস্থ্য বাজেট ২০২২-২৩’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ মত দেয় সংগঠনটি।

 হেলথ রিপোর্টার্স ফোরামের বিশ্লেষণে বলা হয়, স্বাস্থ্যখাতে বরাদ্দ বিনিয়োগ হিসাবে দেখতে হবে, ব্যয় হিসাবে নয়। কারণ স্বাস্থ্যে বিনিয়োগ মানে সুস্থ মানব সম্পদ। প্রয়োজনীয় রাজস্ব আহরণ এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সুস্থ সবল মানব সম্পদের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (বিএনএইচএ) ১৯৯৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্যে দেখা যায়, বাংলাদেশের জিডিপির মাত্র ২ দশমিক ৩ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ মাথাপিছু পড়ে মাত্র ৪৫ ডলার।

অন্যদিকে প্রতিবেশী দেশ নেপাল, ভারত, ভুটান ও শ্রীলঙ্কায় যথাক্রমে বরাদ্দ ৫৮, ৭৩, ১০৩ ও ১৫৭ ডলার। অর্থাৎ প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে কম বরাদ্দ নেপালের তুলনায় আমাদের বরাদ্দ ১৩ শতাংশ কম।

ফোরামের বিশ্লেষণে বলা হয়, বিদ্যমান বাজেট স্বাস্থ্যখাতে বরাদ্দ খুব বাড়েনি। প্রায় এক দশক ধরেই স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকে জাতীয় বাজেটের ৫ থেকে ৬ শতাংশে মধ্যে। আসন্ন অর্থ বছরের বরাদ্দ দেওয়া হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

সংবিধানের অনুচ্ছেদ ১৮ (১) এর উদ্ধৃতি দিয়ে আরও জানানো হয়, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। ঘোষিত বাজেটে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ১৯৮ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৫৬ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালন ব্যয় ১৩ হাজার ৪৩০ কোটি টাকা। ২১-২২ অর্থ বছরে বরাদ্দ ছিল ১৩ হাজার ১৫১ কোটি টাকা। এ ছাড়া উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৮৫১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ১৩ হাজার ১৪ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ বিশ্লেষণে জানানো হয়, ২০২২-২৩ অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৩৬ হাজার ৮৬৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। ২০২১-২২ অর্থ বছরে এই খাতে বরাদ দেওয়া হয় ৩২ হাজার ২৭৪ কোটি টাকা (প্রস্তাবিত ছিল ৩২ হাজার ৭৬১) এবং ২০-২১ অর্থ বছরে ছিল মাত্র ২১ হাজার ৬৪৬ কোটি টাকা।

বিগত অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। সেই হিসাবে ঘোষিত বাজেটে বরাদ্দ বেড়েছে চার হাজার কোটি টাকার বেশি। তবে সামগ্রিক বাজেটের পরিধি গত বছরের তুলনায় ১৪ দশমিক ২৪ শতাংশ বাড়লেও স্বাস্থ্য খাতে বেড়েছে ১২ দশমিক ৬২ শতাংশ। স্বাস্থ্য খাতের বরাদ্দ স্বাভাবিকের তুলনায় কম বেড়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পরিচালন ব্যয় ধরা হয়েছে চার হাজার ৭৬৮ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় দুই হাজার ৮১৪ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে এখাতে বরাদ্দ ছিল যথাক্রমে চার হাজার ২১ কোটি টাকা এবং ২ হাজার ৮০ কোটি টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ। 

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক