‘স্বাস্থ্যসেবা নিতে কেন পাশের দেশে ছুটে যেতে হয়’
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা নিতে হলে কেন পাশের দেশে ছুটে যেতে হয়, এমন প্রশ্ন রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মোবিন ভূঁইয়া। আজ সোমবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রস্তাবিত স্বাস্থ্য বাজেট ২০২২-২৩ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যকর্মীদের শতভাগ কাজ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ঢাবি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক বলেন, ‘যে জনশক্তি আমাকে দেওয়া হয়েছে, সেটার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এটা আমাদের জন্য একটি বড় অপচয়। এটা হতে দেওয়া যাবে না। কিছু গবেষণায় এসব বিষয় উঠে আসবে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সাঈদ আব্দুল হামিদের নেতৃত্বে এটি চলছে। স্বাস্থ্য বাজেট নিয়ে এ গবেষণায় আমরা দেখতো পাবো, স্বাস্থ্য বাজেটে অপ্রতুলতার কারণ ও এ থেকে বেরিয়ে আসার উপায়গুলো?
এ সময় স্বাস্থ্যসেবা পেতে রোগীদের ব্যাপক খরচের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবার খরচ অনেক বেশি। সেবা নিতে গিয়ে পাশের দেশগুলোর তুলনায় আমাদের অনেক ব্যয় করতে হয়। কিন্তু যেই স্বাস্থ্য সেবায় আমরা ব্যয় করছি, সেই সেবার মানটাই বা কি? স্বাস্থ্যসেবার এত টাকা আমরা পকেট থেকে খরচ করছি, অথচ সেই স্বাস্থ্য সেবার মান যথেষ্ট উন্নত না।’
‘সুতরাং স্বাস্থ্যের গুণগত মানের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এত টাকা যদি ব্যয় করতে হয়, তাহলে কেন মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়া যাবে না। ভালো স্বাস্থ্যসেবার জন্য কেন আমাদেরকে পাশের দেশে ছুটে যেতে হবে? এখনও আমাদেরকে ভারত, ব্যাংকক ও সিঙ্গাপুর ছুটে যেতে হয়’, যোগ করেন ড. শারমিন মোবিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশিদ আল মাহমুদ তিতুমীর, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ ড. আবদুল হামিদ ও অধ্যাপক ড. রুমানা হক।