ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট: ১ জনে বাঁচবে ৮ প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে ব্রেইন ডেথ ১ জন রোগী থেকে ৮ জনের প্রাণ বাঁচানো সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ সোমবার (১৩জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিষয়ক ‘জাতীয় ক্যাডাভেরিক কমিটি’র গোলটেবিল বৈঠক এ তথ্য জানান তিনি। বৈঠকের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয় ক্যাডাভেরিক কমিটি সেল।
ব্রেইন ডেথ ১ জন রোগী থেকে ৮ জনের প্রাণ বাঁচানো সম্ভব জানিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, ‘একজন ব্রেইন ডেথ রোগী ২টি কিডনি ২ জনকে, ১ টি লিভার ১ জনকে, ২টি লাঞ্চ ২ জনকে, হৃদযন্ত্র ১ জনকে, অন্ত্র ১ জনকে, অগ্ন্যাশয়কে ১ জনকে দান করে জীবন বাঁচাতে পারেন। এসময় ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট অন্যান্য ট্রান্সপ্ল্যান্ট থেকে সহজ বলেও জানান তিনি।
তিনি বলেন, ক্যাডাভেরিক একটি মহৎ কার্যক্রম। এ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ কার্যক্রম সফল করতে রোগীর পরিবারের সদস্যেদের যেমন সহায়তা প্রয়োজন, তেমনি অঙ্গ-প্রত্যঙ্গ দানের উৎসাহ প্রদানের ক্ষেত্রে ধর্মীয় নেতাদেরও এগিয়ে আসতে হবে।
ভিসি বলেন, ‘বিএসএমএমইউতে আগামী ৬ মাসের মধ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট পুনরায় শুরু হবে। এ বছরের মধ্যেই ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট বাস্তবায়ন করতে চাই। আমরা লিভার ও ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের কাজে সকলের সহযোগিতা কামনা করি। বিশেষ করে গণমাধ্যমের ভূমিকা এখানে অনেক বেশি। গণমাধ্যম যদি ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের গুরুত্ব প্রচার করে তাহলে আমাদের কাজ সহজ হবে।’
তিনি আরো বলেন, ‘প্রতিমাসে ইনস্টিটিউটগুলোতে আলাদা করে ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আলোচনা সভা করার আহ্বান করছি। ফলে আমরা কেনো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট করব, কাদের কাছে করব, ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্টের গুরুত্ব সকলকে বুঝাতে পারব।’
ক্যাডাভেরিক সেলের প্রধান প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও ইরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কার্তিক চন্দ্র ঘোষের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. মো. আশরাফুজ্জামান সজিব ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন অর্গান ট্রান্সপ্লান্ট সোসাইটির সভাপতি কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশীদ, বিএসএমএমই’র নার্সিং এন্ড টেকনোলজিস্ট অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, অধ্যাপক ডা. একেএম খুরশিদ আলম, অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন (দিপু), সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ।