ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষিকা লাঞ্ছিত, বিএমএ‘র তীব্র নিন্দা জ্ঞাপন
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালমা শাহনওয়াজ পারভীনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিএমএ‘র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তীব্র নিন্দা জ্ঞাপন জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে বিএমএ ফরিদপুর শাখার সদস্য ডা. সালমা শাহ্নেওয়াজ পারভীন, সহকারী অধ্যাপক, রেডিওলজি এন্ড ইমেজিং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর তাঁর ব্যক্তিগত চেম্বার ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় গত ১৬ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে কতিপয় স্থানীয় দুষ্কৃতিকারী কর্তৃক শারীরিকভাবে নাজেহাল হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।’
বিএমএ উক্ত ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে এই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, ফরিদপুরে শনিবার (১৬ এপ্রিল) বিকালে সাড়ে ৪টার দিকে ব্যক্তিগত চেম্বার ও ডায়াগোনস্টিক সেন্টারে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালমা শাহনওয়াজ। এ সময় কয়েকজন দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। শারীরিকভাবে নাজেহাল করার পাশাপাশি তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে, নানাভাবে হুমকি দেয় তারা।