এমবিবিএস ভর্তি পরীক্ষা: ভুয়া প্রশ্ন ফাঁসের গুজবে গ্রেপ্তার ১
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষায় শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা ও প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে সুমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
আগামীকাল শুক্রবার (১ এপ্রিল) মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্রের বিজ্ঞাপন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা সুমন মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, ফারহান আদনান নামে ফেসবুক আইডি খোলেন সুমন। এ আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার শত ভাগ প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, প্রশ্ন ১ সেট হাতে চলে এসেছে, যারা টাকা দিয়েছেন সময়মতো পাবেন। যারা নিতে চান নক দিন। শুধু মেডিকেলের নয়, টাকা দিলে পাওয়া যাবে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এমনকি সুযোগ আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল পরিবর্তনেরও। বিভিন্ন নামে তার অন্তত ৫০টি ফেক আইডি পাওয়া গেছে। প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে গত দুই মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুমন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘ভর্তি পরীক্ষা এলেই প্রতারকচক্র ফেইক আইডি খুলে প্রশ্নপত্র দিতে পারব, এমন কথা বলে প্রতারণা করে আসছিল। বিভিন্ন সময় আমরা কিন্তু এ ধরনের প্রতারকদের গ্রেপ্তার করেছি। আগামীকাল মেডিকেলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের অভিযান চলছে। ভূয়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে সুমন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অ্যান্ড সিভিল। কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে তার। সে এ কাজটি প্রায়ই করে থাকে। আসলে তার কাছে কোনো প্রশ্ন নেই, কিন্তু সে মানুষকে বলেছে তার কাছে প্রশ্ন আছে। এভাবে সে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে।’