ছয় কোটি ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ ডোজ দেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড।
জাহিদ মালেক বলেন, দেশে এ পর্যন্ত ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭৪ শতাংশ। বাংলাদেশের জনগণকে উপহার হিসেবে ফাইজার ও মডার্না মিলিয়ে ৬ কোটি ১০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। দুঃসময়ে এসব টিকা প্রদানের মধ্য দিয়ে আমেরিকা-বাংলাদেশের বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। এই টিকাগুলো আমরা জনগণকে দিয়েছি এবং আগামীতেও তারা আমাদের প্রয়োজনে আরো টিকা দিবে। ১৮টি ফ্রিজেন ভ্যান দিয়েছে, প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা করেছে।
এ ছাড়াও প্রায় ৯০ মিলিয়ন আমেরিকান ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, আগামীতেও তারা আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে। এ ছাড়া টিকা কেন্দ্র পরিদর্শনে করতে আশায় মার্কিন আন্ডার সেক্রেটারিকে স্বাগত জানান তিনি।
মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বেশ ভালো করেছে। শিশুসহ বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে মানুষদের করোনার টিকার আওতায় আনায় বাংলাদেশ বেশ ভালো অবস্থানে রয়েছে, যা মোটেও সহজ ছিল না। মানুষজনকে বুস্টার ডোজ ও দেওয়া হচ্ছে। বাংলাদেশ আরো উন্নতি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীরসহ প্রমুখ।