প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে সরকারের কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে এই পরামর্শ দেয় কমিটি।
জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, যেহেতু এখন করোনা সংক্রমণ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ও সকল শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।
সব শ্রেণির ক্লাস খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন কি-না জানতে চাইলে ডা. সহিদুল্লা বলেন, যাদের বয়স ১২ বছরের বেশি এবং যারা টিকা নিয়েছে, আপাতত তাদের ক্লাস চলতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বিবেচনা করার কথা বলা হয়েছে। আর যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কবে থেকে খুলবে এটি সরকারের ব্যাপার। তবে আমরা মনে করছি, এখন আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রয়োজন নেই।’
এদিকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
করোনা সংক্রমণ রোধে গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছিলেন, আমরা দেখতে পাচ্ছি, করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এর হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
১৭ ফেব্রুয়ারী, ২০২২
-
১২ সেপ্টেম্বর, ২০২১