অমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘দেশের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সকল কাজ চলছে, কিন্তু ভুলে গেলে হবে না করোনার সংক্রমণ এখনও শেষ হয়নি। অমিক্রনের প্রভাবে তা আবার বেড়েছে। তাই সতর্ক হতে হবে৷ টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘অমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো এবং সুস্থ আছে। তাদের শারীরিক অবস্থায় অবনতি হয়নি। জায়গা পরিবর্তনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।