সফর বাতিল করে মাঝপথে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ এর সংক্রমণ উদ্বেগজনক হওয়ায় সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করেও মাঝপথে অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি বলেন, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে গতকালই সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
মাইদুল ইসলাম আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন এবং বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্যখাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন।’