ইউজিসি অধ্যাপক হলেন অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি
মেডিভয়েস রিপোর্ট: ইউজিসি অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজির সাবেক ডিভিশন প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশে এমন তথ্য প্রকাশ করেছে ইউজিসি। জানা গেছে, সম্প্রতি ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও দেশের খ্যাতিমান দুই শিক্ষক ও গবেষককে ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাঁরা হলেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শরীফ এনামুল কবির ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতান উদ্দিন ভূঁইয়া।
যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁরা এই পদে দায়িত্ব পালন করবেন।
আকাশছোঁয়া সম্মাননার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজ রাতে ডা. সজল ব্যানার্জি মেডিভয়েসকে বলেন, ‘একটি সম্মানজনক পদে নতুন করে নিয়োগ পেয়েছি। এতে আমি খুবই গর্বিত। ইউজিসি কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার পুরনো জায়গায় কাজ করতে পারবো। আমার কাজের যে নেশা ছিল, যদিও আমাকে লোকজন কার্ডিওলজিস্ট হিসেবে চিনেন। কিন্তু আমার মূল কাজ, যেটা এতদিন করে আসছি, সেটা হলো: গবেষণা ও শিক্ষার্থীদেরকে পড়ানো। ইউজিসি সুনির্দিষ্ট করে আমাকে কাজ দিয়েছে গবেষণা এবং একাডেমিক পড়াশোনার। এদিক থেকেই খুবই আনন্দিত।’
‘রোগী দেখতে দেখতে বয়স হয়েছে। রোগী তো সারাজীবনই দেখলাম, এখন একটু বাড়তি কাজ হলো: রিসার্চ ও শিক্ষার্থীদের পড়ানো। উপরওয়ালা যতদিন আমাকে সুস্থ রাখেন, ততদিন আমি দেশের জন্য এই কাজগুলো চালিয়ে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং আমি আমার মনের মতো দেশ ও জাতির জন্য অবদান রেখে যেতে পারি’, যোগ করেন এ খ্যাতিমান গবেষক।
নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক বা গবেষকদের ‘ইউজিসি প্রফেসর’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘ইউজিসি প্রফেসর’ নিয়োগে শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম অভিজ্ঞতা, গবেষণা কাজে সংশ্লিষ্টতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়।
একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত অধ্যাপকের মতোই সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন ‘ইউজিসি প্রফেসরগণ’।
ইউজিসি জানিয়েছে, শরীফ এনামুল কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং সজল কৃষ্ণ ব্যানার্জি ও সুলতান উদ্দিন ভূঁইয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।