২৪ নভেম্বর, ২০২১ ০৬:০৮ পিএম

সহানুভূতি নিয়ে মৃগী রোগীদের সেবার আহ্বান বিএসএমএমইউ ভিসির

সহানুভূতি নিয়ে মৃগী রোগীদের সেবার আহ্বান বিএসএমএমইউ ভিসির
মৃগী রোগে প্রশিক্ষণসহ চিকিৎসার সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে। ছবি: প্রশান্ত মজুমদার

মেডিভয়েস রিপোর্ট: মৃগী রোগীদের সহানুভূতির সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে মৃগী রোগে প্রশিক্ষণসহ চিকিৎসার সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘মৃগী রোগীদের সহানুভূতির সাথে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। মৃগী রোগ বিষয়ে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণের ব্যবস্থাসহ এই রোগের চিকিৎসার বিষয়ে সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হবে। বিএসএমএমইউর নিউরোলজি বিভাগ, শিশু নিউরোলজি বিভাগ, ইপনা মৃগীরোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘মৃগী রোগের চিকিৎসায় দেশে আধুনিক মানের ইনস্টিটিউট গড়ে তোলা হবে। মৃগীরোগ নিয়ে এক সময় ভুল ধারণা ছিল। বলা হতো ভূতে ধরেছে। কিন্তু এটা ভুল ধারণা। গর্ভবতী মা যদি আঘাতপ্রাপ্ত হয় বা প্রসবের সময় মায়ের অক্সিজেন স্বল্পতা দেখা দেয় তবে নবজাতকের মাঝে বা শিশুর মাঝে মৃগী রোগের সমস্যা দেখা দিতে পারে।’

অনুষ্ঠানে বক্তারা মৃগী রোগের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বিশ্বে প্রায় পাঁচ কোটি লোক মৃগী রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রতি হাজারে প্রায় ৮.৪ জন মৃগীরোগে আক্রান্ত। সেই হিসেবে এদেশে প্রায় পৌনে ১৪ লক্ষ মৃগী রোগী আছে। শতকরা প্রায় ৮০ জন মৃগীরোগী উন্নয়নশীল, দরিদ্র, মধ্যম আয়ের অথবা স্বল্প বিশেষজ্ঞ সম্পন্ন দেশে বিদ্যমান। গবেষণায় প্রমাণিত হয়েছে, সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা নিলে ৭০ ভাগ মৃগী রোগী ভালো থাকে।

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত