করোনায় সাতজনের মৃত্যু, শনাক্ত ১৯৯
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৫৩ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন।
আজ রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৩৬টি পরীক্ষাগারে ১৭ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি সাত লাখ ২৩ হাজার ৭৯৭টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ ভাগ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৫৩ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৩ জন (৬৪ দশমিক শূন্য এক ভাগ) ও নারী ১০ হাজার ৬০ জন (৩৫ দশমিক ৯৯ ভাগ)।