চার চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: উচ্চশিক্ষার বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে কর্মরত চার চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়াও এক চিকিৎসকের শিক্ষাছুটি নামঞ্জুর ও আরেকজনের ছুটি বাতিল করা হয়েছে। গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইস্যু করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে এসব তথ্য।
এতে বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত চিকিৎসকের নামের পাশে উল্লেখিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের নিমিত্ত নিম্নে বর্ণিতভাবে নির্দেশক্রমে শিক্ষাছুটি মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘উক্ত সময়ের জন্য তাঁদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এসময়ের জন্য উক্ত চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তর হতে বিধি মোতাবেক বেতন-ভাতাদি (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করবেন।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নাহার বিএসএমএমইউতে এমডি (কার্ডিওলজি) ফেজ-বি, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ রিফাত কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজে এমডি (নিউরোলজি) তৃতীয় পর্ব, স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. উম্মে সালমা ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস (রিপ্রো. এন্ডো. অ্যান্ড ইনফার্টিলিটি) এবং অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. কাজী খাদিজা ফারহিন ঢাকা মেডিকেল কলেজে একই বিভাগে এফসিপিএস কোর্সের জন্য ছয় মাসের ছুটি উপভোগ করবেন।
শিক্ষাছুটি নামঞ্জুর
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ মোজাম্মেল হকের শিক্ষা ছুটি নামঞ্জুর করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সুত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডা. মোহাম্মদ মোজাম্মেল হক কর্তৃক ইতোপূর্বে ছয় মাসের ছুটি ভোগ করায় ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা ২০২১ (সংশোধিত) এর অনুচ্ছেদ ৪(ঝ) অনুসারে বর্তমানে চাহিত শিক্ষাছুটি (০১/০৯/২০২১ থেকে ছয় মাস শিক্ষা ছুটি) নির্দেশক্রমে নামঞ্জুর করা হলো। তবে বর্ণিত নীতিমালার ৪(ঝ) অনুচ্ছেদ অনুসারে প্রাপ্যতা সাপেক্ষে অর্জিত ছুটি অথবা বিনা বেতনে অসাধারণ ছুটি গ্রহণ করতে পারেন।
শিক্ষাছুটি বাতিল
এছাড়াও প্রকাশিত প্রজ্ঞাপনে আরেকজনের শিক্ষা ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। ডা. জেসমিন আক্তার নামে ওই স্বাস্থ্য ক্যাডার অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে আছেন।
এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে ‘উপর্যুক্ত বিষয় ও সুত্রোস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে ডা. জেসমিন আক্তার কোড নং-১৩৪৭৫৭, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা; প্রেষণে-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকার অনুকূলে গত ০৫.০৭.২০২১ তারিখ ৫৯.০০.০০০০.১৪১.০৮.০০১.২০.৪০৮ সংখ্যক স্মারকের ক্রমিক-০১ এর মাধ্যমে মঞ্জুরিকৃত ৬ মাসের শিক্ষাছুটি নির্দেশক্রমে বাতিল করা হলো। এ আদেশ দ্বারা গত ০৫.০৭.২০২১ খ্রি. তারিখে ৫৯.০০.০০০০.১৪১.০৮.০০১.২০.৪০৮ সংখ্যক স্মারকে জারিকৃত পত্রের ক্রমিক নং-০১ বাতিল করা হলো।