পার্ক ভিউ মেডিকেলে এমবিবিএসে আসন বৃদ্ধির সুবিধা নিয়ে প্রতিবেদনের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: সিলেটের বেসরকারি পার্ক ভিউ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির সুযোগ-সুবিধা থাকা নিশ্চিত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ কথা জানানো হয়।
গত ৭ অক্টোবর চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে বেসরকারি পার্কভিউ মেডিকেল কলেজ, তালতলা, সিলেটের আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে কিনা; সে বিষয়ে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে অধিদপ্তরের পরিচালকের (চিকিৎসা শিক্ষা) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এর অনুলিপি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের একান্ত সচিব, বেসরকারি পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশের জন্য) সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।