স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. শামিউল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ও পরিচালক (এমবিডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব (সকল), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।