রাতে আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ফাইজার-বায়োএনটেকের টিকা আসছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় এসব টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আজ ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।’
ভ্যাকসিনগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
দেশের ভ্যাকসিনপ্রাপ্তির তথ্য তুলে ধরে বলা হয়, অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা ও মডার্নার ভ্যাকসিনসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট চার কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। এর মধ্যে গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ মোট দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
এদিকে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ভ্যাকসন দেশে এসেছে। নতুন ২৫ লাখ ডোজসহ এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।
এছাড়াও চীনের সিনোফার্মার ছয় কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে দুই কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১