বিএসএমএমইউতে নার্সিং পরীক্ষায় বসছে ১১১৭ ভর্তিচ্ছু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সংক্রান্ত নোটিসে জানানো হয়েছে, এক হাজার ১১৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত ওই পুনসংশোধিত নোটিসে আরও বলা হয়েছে, ‘বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষার হলে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর নার্সিং অনুষদের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএসএমএমইউ।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wwww.bsmmu.edu.bd) প্রকাশিত হবে।
মৌখিক পরীক্ষা হবে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টায় পরীবাগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গ্রাজুয়েট নার্সিং বিভাগে।
প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wwww.bsmmu.edu.bd)।
মেডিকেল পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, ব্লক-বি, তৃতীয়তলায় ২৩০ নম্বর কক্ষ।