স্কুলে গিয়ে কেউ করোনা আক্রান্ত হয়নি: শিক্ষা উপমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, ‘করোনার সংক্রমণ এখন কমেছে অনেক। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, একদিনের বেশি করে কেউ যেন না আসে। করোনা সংক্রমণ তারা যে ঘরে থাকলে হতো না বা স্কুলে যাওয়ার কারণে হয়েছে এটার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তারা স্কুলে না গেলেওতো অন্যান্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছিলেন। সুনির্দিষ্ট কিছু জায়গায় আমরা এটা দেখেছি। এটা হয়েছে। আমরা প্রিকশনের ব্যবস্থা নিয়েছি।’
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে ব্রিটিশবিরোধী বিপ্লবে অংশগ্রহণকারীদের কথা পাঠ্যপুস্তকে আনতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ এখনো শেষ হয়নি। মূল শিক্ষাক্রম অনুমোদন দেওয়া হয়েছে মাত্র। এখন এই পর্যায়ে এসে সব পাঠ্যপুস্তকে তা সংযুক্ত করব।’
বিপ্লবীদের স্মৃতি স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে রেলমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা জমি ব্যবসায়িক স্বার্থে লিজ দেওয়া হচ্ছে। কিন্তু ইতিহাস সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। বিপ্লবীদের স্মৃতি রক্ষার্থে কোনো প্রতিষ্ঠান যাতে করা হয়। রেলমন্ত্রী মহোদয়ের কাছে বিশেষভাবে আবেদন জানাব, ইতিহাস রক্ষায় রেলের জায়গায় কাজ যেন হয়। তাহলে আমরা চট্টগ্রামবাসী গর্বিত হব। সবাই সাদরে গ্রহণ করব।’