বিএসএমএমইউ ফিল্ড হাসপাতালের শয্যা এখনই বাড়ছে না
মেডিভয়েস রিপোর্ট: মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫৭ শয্যা নিয়ে যাত্রা শুরু করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ ) বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল। দ্রুত ৩৫৭ শয্যা থেকে এক হাজার শয্যায় রূপান্তর করার কথা থাকলেও রোগীর চাপ না থাকায় আপাতত শয্যা বাড়ানো হচ্ছে না হাসপাতালটির।
আজ বুধবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএসএমএমইউ'র অ্যানেস্থিসিয়া অ্যান্ড আইসিইউ ডিপার্টমেন্ট কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় হাসপাতালের ওপর চাপ কম। আইসিইউ, এইচডিইউগুলোর সব শয্যাই প্রায় পূর্ণ, তবে সাধারণ শয্যা অনেকগুলোই খালি আছে।
বিএসএমএমইউ সূত্রে জানা যায়, ফিল্ড হাসপাতালে এখন পর্যন্ত ৩৬০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। আজ পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৫৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন।
ডা. আবুল কালাম আজাদ বলেন, দেশের সংক্রমণ পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায়, তাহলে আমাদের বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালের উপরের তলাগুলোতে পর্যাপ্ত জায়গা আছে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে করোনা সেন্টারে ১২ হাজার ৪০০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ছয় হাজার ৪৩১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন পাঁচ হাজার ৩৫০ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ১৬৪ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮ জন।
এর আগে গত ৭ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফিল্ড হাসপাতালটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছিলেন, এখন আমরা ৩৫৭টি শয্যা নিয়ে হাসপাতালটি শুরু করেছি। প্রতিটি শয্যাতেই আইসিইউ রয়েছে। খুব শিগগিরই হাসপাতালটিকে এক হাজার শয্যায় নিয়ে যাওয়া হবে।