স্বাস্থ্য সচিব ও ডিজিসহ পাঁচজনের বিরুদ্ধে আদলত অবমাননার রুল
মেডিভয়েস রিপোর্ট: ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসসহ ২০টি মেডিসিন কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ সংক্রান্ত এক নির্দেশ অমান্য করায় স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মো. খুরশীদসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ বুধবার (১১ আগস্ট) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
স্বাস্থ্য সচিব ও ডিজি ছাড়া অন্যান্যরা হলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার শাহা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের (এএফএম) এমডি আনোয়ারুল হক।
আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিটের আদেশের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘অ্যান্টিবায়োটিক একটি জীবন রক্ষাকারী মেডিসিন। সে কারণেই আদালত এ রকম রায় দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে উৎপাদন চালিয়ে বাজারে বিক্রির মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্যরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোম্পানির বিক্রয় ডকুমেন্ট থেকেও প্রমাণ পাওয়া যায় যে তারা অ্যান্টিবায়োটিক উৎপাদন করেছেন। তারা আদালতের ওপর অশ্রদ্ধা দেখিয়েছেন এবং আদালত অবমাননা করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ।’
প্রসঙ্গত, জিএমপি অনুসরণ না করে বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসসহ ২০টি মেডিসিন কোম্পানি অ্যান্টিবায়োটিক উৎপাদন করায় তা বন্ধে জনস্বার্থে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নামক সংগঠন। পরে ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষে তা বন্ধে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে অমান্য করে বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস অবৈধভাবে অ্যান্টিবায়োটিক উৎপাদন ও বিক্রি করছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সংগঠনটি আদালত অবমাননার মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হলো।