সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ দুই এমপিকে হত্যার হুমকি
মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকসহ সাতক্ষীরার দুই সংসদ সদস্যকে হত্যা হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। এতে দুই এমপির মাথার দাম কোটি টাকা ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার ও সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
গত ৮ আগস্ট দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামে একটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ছবিসহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে প্রোফাইল পিকচার ঠিক রেখে ইউজার নেম পরিবর্তন করে ‘কালিমা মা’ নামে অন্য একটি আইডি থেকে আবারও হুমকি দেওয়া হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান বলেন, দুই দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে।
এ ব্যাপারে ডা. আ ফ ম রুহুল হক গণমাধ্যমকে বলেন, তিনি বিষয়টি জানার পর সাতক্ষীরা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। তিনি আরও বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, ‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’