ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডা. হালিমা আকন্দ আর নেই
মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডা. হালিমা আকন্দ আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. হালিমা আকন্দের ব্যাচমেট ডা. আনিস বিন আবদুর রাজ্জাক মেডিভয়েসকে জানান, ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাশ করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগদান করেন৷
পারিবারিক সূত্র জানায়, ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।
মেধাবী এ চিকিৎসকের অকাল মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি।