করোনা: খুলনা বিভাগের ১৭৫ চিকিৎসককে জেলা হাসপাতালে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় খুলনা বিভাগের বিভিন্ন মেডিকেলে কর্মরত ১৭৫ জন চিকিৎসককে সংযুক্তিতে জেলা হাসপাতালগুলোতে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সংযুক্তিতে পদায়ন করা হলো।’
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় ১৪ জন, নড়াইলে ১২ জন, ঝিনাইদহ জেলায় ১৫ জন, মেহেরপুর জেলায় ১৫ জন, খুলনা জেলায় ২৮ জন, যশোর জেলায় ২৪ জন, বাগেরহাট জেলায় ১৪ জন, মাগুরা জেলায় ১৪ জন, সাতক্ষীরা জেলায় ১৬ জন, কুষ্টিয়া জেলায় ২৩ জন চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। বর্ণিত চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এ আদেশ জনস্বাস্থ্যে জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।