একই সময়ে দুই পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা পেছানোর দাবি চিকিৎসকদের
মেডিভয়েস রিপোর্ট: ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা ও এফসিপিএস লিখিত পরীক্ষা একই সময়ে হওয়ায় পরীক্ষায় অংশ গ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চিকিৎসকরা। তাদের দাবি, এফসিপিএস পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দিলে সবাই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পরীক্ষা কমিটির মিটিংয়ে আগামী জুলাইয়ে এফসিপিএস সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) একাধিক কাউন্সিলর মেডিভয়েসকে জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে আগামী শনিবার (১৯ জুন) সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিপিএস। সে দিন কাউন্সিল মিটিংয়ে চূড়ান্ত হবে।
জানতে চাইলে বিসিপিএসের কাউন্সিলর ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে মেডিভয়েসকে বলেন, ‘এ রকম পরীক্ষা যখন হয়, তখন কিছু লোক অসুবিধায় পড়বেন। কেউ কেউ চান পরীক্ষাটা পেছাক, অন্যদিকে অনেকেই চান যথাসময়ে হোক। দু’দিকেই চাওয়া আছে। এই চাওয়াটা সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। করোনার মধ্যে পরীক্ষা নেওয়া হবে, এ নিয়েও অনেকের অভিযোগ ছিল। পরীক্ষা যখনই নেওয়া হোক, কিছু ছাত্রের অসুবিধা হবে। এটা বিবেচনায় নিয়ে নয়, বরং নিয়মতান্ত্রিকভাবেই পরীক্ষার আয়োজন করা উচিত। যারা এবার এফসিপিএস পরীক্ষা দিতে পারছে না, তারা সামনে চেষ্টা করবেন। এতে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, এ ক্ষেত্রে একটি বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে, দুই পরীক্ষায় অংশ নেবে এমন ছাত্রের সংখ্যা কত? এ সংখ্যাটা ৫০ ভাগের বেশি তাহলে পরীক্ষা পেছানোর চিন্তা করা যেতে পারে। সংখ্যা যদি ১০ ভাগ হয়, তাহলে পরীক্ষা পেছানোর চিন্তা করার কোনো অবকাশ নাই।’
বর্তমান কোভিড সংক্রমণের হার পুনরায় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিশেষ বিসিএস আয়োজন করে। গত ৬ জুন থেকে তা শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।
অন্য দিকে এফসিপিএস লিখিত পরীক্ষা এক জুলাই শুরু বলে গত ১৪ জুন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে প্রথম সপ্তাহে যে চিকিৎসকেরা ৪২তম বিসিএস ভাইভায় অংশ নেবেন, তাঁদের একই দিনে দুই পরীক্ষা হওয়ায় তাঁরা উভয়সংকটে পড়েছেন।
তাঁদের কথা বিচেনায় নিয়ে পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি জানান নবীন চিকিৎসকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক মেডিভয়েসকে বলেছেন, ৪২তম বিসিএসের ভাইভা চলবে ১৩ জুলাই পর্যন্ত, এর মধ্যে পার্ট-ওয়ানের তারিখ দিয়েছে ৪-৬ জুলাই, যেটা এক সপ্তাহ পিছিয়ে দিলে সবাই অংশ নিতে পারতো। অন্যথায় অনেকেই পরীক্ষা দিতে পারবে না। তাই তাদের দাবি বিবেচনায় নিয়ে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য বিসিপিএস কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
সূত্রে জানা গেছে, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্ম কমিশন ৪২তম বিসিএস ভাইভায় স্বাস্থ্যবিধি মেনে প্রতি বোর্ডে মাত্র ২০ জন করে ১১টি আলাদা বোর্ডে প্রতিদিন ২২০ জনের ভাইভা গ্রহণ করছে, যাতে করোনা সংক্রমণের আশঙ্কা নেই বললেই চলে। অথচ প্রায় ৪ হাজার ৫০০ চিকিৎসকের একত্রে এফসিপিএস পরীক্ষায় অংশগ্রহণে স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে।
তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে বিসিপিএস কর্তৃপক্ষ করোনার সংক্রমণ কিছুটা কমার পর এফসিপিএসের তারিখ পুনর্নির্ধারণ করবেন বলে চিকিৎসকদের প্রত্যাশা।
বিষয়টি জানতে বিসিপিএসের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা একাধিকবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি। এ ছাড়া বিসিপিএসের কাউন্সিলর ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদও ফোন ধরেননি।
-
০৬ জানুয়ারী, ২০২৫
-
১৯ ডিসেম্বর, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১৮ অগাস্ট, ২০২১
-
২৫ জুলাই, ২০২১
-
১৭ জুলাই, ২০২১
-
২৬ জুন, ২০২১