বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১১ জুন) বিকেলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়।
এর ফলে আগামী ১৯ জুন থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।
সভা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি জানিয়েছে, ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করা যাবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনদিনে তিনটি বিভাগের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল। গামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও আগামী ৩ জুলাই বিজ্ঞান বিভাগের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান গণমাধ্যমকে বলেন, ১৯ তারিখের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৫ জুন করা হয়েছে।
সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। গত শিক্ষাবর্ষে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষির প্রাধান্য থাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিতে ভর্তি পরীক্ষা শুরু করেছিল। গুচ্ছভিত্তিক পরীক্ষার মাধ্যমে একজন ভর্তিচ্ছুক শিক্ষার্থী নিজ নিজ বিভাগে একটি পরীক্ষা দিয়েই যোগ্যতা ও আসন অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।