ডা. সাবিরার গলায় ও পিঠে জখম, পুলিশের ধারণা হত্যাকাণ্ড
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কলাবাগান এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক ডা. কাজী সাবিরা রহমান লিপির (৪৭) গলায় একটি ও পিঠে দুটি ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের ধারণা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার (৩১ মে) ওই চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করতে নিহত চিকিৎসক সাবিরার বাসায় আসে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সিআইডি সদস্যরা।
ঢাকা মহানগর গোয়েন্দ (ডিবি) পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) এইচ এম আজিজুল হক বলেন, ওই চিকিৎসক বাসাটি ভাড়া নিয়ে থাকতেন এবং অন্য দুইটি রুম তিনি সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিলেন।
সাবলেটের ভাড়াটিয়া কানিজ ফাতেমার জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী তিনি বলেন,গত রাত থেকে সবকিছু ঠিকঠাক ছিল। সকালে কানিজ ফাতেমা যখন হাটতে বের হন তখন ডা. সাবিরার দরজা বন্ধ ছিল। পরে ফিরে এসে দেখেন যে, সাবিরার রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তিনি বাড়ির দারোয়ানকে ডাকে এবং রুমের তালা ভেঙ্গে ভিতরে গিয়ে ডা. সাবিরার মৃতদেহ দেখতে পায়। তাঁরা ধারণা করেছিল যে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে।
এইচ এম আজিজুল হক বলেন, পরে পুলিশকে খবর দিলে আমরা এসে দেখি যে তার গলায় একটি গভির জখম রয়েছে। এছাড়া তাঁর পিঠেও দুটি জখম পাওয়া গিয়েছে। ফলে আমাদের কাছে এটি অস্বাভাবিক এবং রহস্যজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এই ঘটনাকে আত্মহত্যা মনে হচ্ছে না। আমরা এ ঘটনার তদন্ত করছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে এ রহস্যের জট খুলবে।
সাবিরার মামাতো ভাই মো. রেজাউল হাসান বলেন, এ মুহূর্তে আমরা কাউকে সন্দেহ করছি না। আমাদের মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আগুনের ঘটনা সাজানো হয়েছে। তদন্তের পর পুলিশ বিস্তারিত বলতে পারবে।
ওই নারী চিকিৎসক নিহতের ঘটনায় এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন- সাবলেটের বাসিন্দা, তার এক বন্ধু ও বাড়ির দারোয়ান রমজান।
ডিবি সূত্র জানায়, ডা. সাবিরা দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্বামী চিকিৎসক ছিলেন। তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে সাবিরা দ্বিতীয় বিয়ে করেন। সাবিরার দ্বিতীয় স্বামী সামসুদ্দিন আজাদ, তিনি ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তবে দ্বিতীয় স্বামীর সঙ্গে বনিবনা ছিল না তার।
জানা গেছে, সাবিরার দুই সন্তান রয়েছে। তার আগের স্বামীর ঘরে একটি ছেলে এবং দ্বিতীয় স্বামীর ঘরে ৯ বছরের একটি মেয়ে রয়েছে। মেয়েকে নিয়ে কলাবাগানের এই বাড়িতে থাকতেন সাবিরা। গত রাতে মেয়েটিকে গ্রিন রোডের নানার বাসায় রেখে এসেছিলেন তিনি। রাতে বাসায় একা ছিলেন সাবিরা।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬